বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে সারাদেশে মোমবাতি প্রজ্জ্বলন
Posted: 27 জুলাই, 2025
একতা প্রতিবেদক :
ঢাকায় বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল ও কলেজের শিক্ষার্থী-শিক্ষক অভিবাবকসহ নিহতদের স্মরণে সারাদেশে প্রতিকী প্রতিবাদ, সাংস্কৃতিক প্রতিবাদ, মৌন মিছিল, স্মরণানুষ্ঠান, মোমবাতি প্রজ্জ্বলন, শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিপিবিসহ বামপন্থি দল, ছাত্র ইউনিয়ন, উদীচী ও প্রগতিশীল সংগঠনগুলো সারাদেশে সপ্তাহজুড়ে এ কর্মসূচি পালন করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিহতদের স্মরণে নানা কর্মসূচি পালিত হয়। শোকে স্তব্ধ পুরো দেশ।
খুলনা : সিপিবি খুলনা জেলা কমিটির উদ্দ্যোগে শহীদ হাদিস পার্ক এর শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ ও মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। এই সময় শহীদ হাদিস পার্কে উপস্থিত বিপুল সংখ্যক মানুষ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
সিপিবির জেলা কমিটির সভাপতি ডা. মনোজ দাস, সাধারন সম্পাদক এস এ রশীদ, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য মিজানুর রহমান বাবু, জেলা কমিটির সদস্য প্রীতিষ কুমার মন্ডল, মহানগর কমিটির সাধারন সম্পাদক নিত্যানন্দ ঢালী, মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য রঙ্গলাল মৃধা, যুব ইউনিয়ন জেলা কমিটির সভাপতি ধীমান বিশ্বাস উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত বক্তৃতায় নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে নিহতদের সঠিক সংখ্যা প্রকাশ করতে হবে। আহত শিশুদের পড়ালেখার নিশ্চয়তা ও ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। আহতদের সুচিকিৎসা ব্যবস্থা করতে হবে, প্রয়োজনে বিদেশে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
কক্সবাজার : শিক্ষার্থীসহ নিহতদের স্মরণে কক্সবাজারে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি করেছে কক্সবাজার জেলা যুব ইউনিয়ন ও ছাত্র ইউনিয়ন। ২৩ জুলাই সন্ধ্যায় শহরের ঘুনগাছ তলাস্থ পুরাতন শহীদ মিনারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় প্রজ্বলিত মোমবাতি হাতে নিয়ে নিহতদের স্মরণে নীরবতা পালন করেন উপস্থিত সকলে। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন অংশগ্রহণকারীরা। ছাত্র ইউনিয়ন শহর শাখার সাধারণ সম্পাদকর অন্তর হাসান আরিফের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা যুব ইউনিয়ন সভাপতি শহীদুল্লাহ্ শহীদ, সাধারণ সম্পাদক মোসাদ্দিক হোসেন আবু, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি অন্তিক চক্রবর্তী, তনয় দাশ ও জেলা ছাত্র ইউনিয়ন আহবায়ক মুক্তাদিল জয়।
ছাত্র ও যুব নেতারা বলেন, উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত ও মাইলস্টোন স্কুল-কলেজে ঘটে যাওয়া ভয়াবহ এই দুর্ঘটনা আমাদের সকলকে গভীরভাবে নাড়া দিয়েছে।
কর্মসূচিতে উপস্তিত ছিলেন সত্যেন সেন শিল্পীগোষ্টির সাধারণ সম্পাদক মনির মোবারক, শহর যুব ইউনিয়নের সহ-সভাপতি রাহুল মহাজন, জেলা ছাত্র ইউনিয়নের যুগ্ম-আহ্বায়ক মুহাইমিনুল্লাহ রানিম, শহরের সভাপতি রাফায়েত উল্লাহ রোহান প্রমুখ।