‘স্বজন’

Posted: 27 জুলাই, 2025

একতা প্রতিবেদক : স্বজন ছাড়া যে সমাজ হয় না, এটা তো সত্য। যার স্বজন যত বেশি তার সমাজ তত বড়। আবার দেখেন, ‘প্রীতি’ না থাকলে কিন্তু স্বজনও বিশেষ হয় না। খালি খালি কেউ কারো স্বজন হয় না; স্বজনের লগে একটু প্রীতি, একটু ‘ইয়ে’ লাগে আর কি! তো, এখন ম্যালা দিন পরে আইসা ছাত্রনেতা হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করছেন যে, প্রধান উপদেষ্টা নাকি ‘স্বজনপ্রীতি’ করে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে এই অন্তর্বর্তী সরকারে নিয়ে আসছে। একি কথা আজ মন্থরার মুখে! হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমাদের একজন স্বাস্থ্য উপদেষ্টা আছে, আপনারা তাকে চেনেন? তিনি মুহাম্মদ ইউনূসের ভাই-বেরাদর কোঠায় এসেছেন। ইউনুসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ এই স্বাস্থ্য উপদেষ্টা। সব সময় বলে আসছি, এই স্বাস্থ্য উপদেষ্টার কোনো প্রয়োজন নাই।” “আপনারা উনার কোনো অ্যাক্টিভিটি দেখেছেন? তিনি যে বেতন নেন তা হারাম হবে। তিনি সরকারি গাড়িতে চড়েন তা জনগণের সঙ্গে বেইমানি। স্বাস্থ্য উপদেষ্টা কোনো কাজের না। উনি কিচ্ছু বোঝেন না। তিনি স্বাস্থ্য ব্যবস্থা বুঝেন না, চিকিৎসা বুঝেন না। উনার একমাত্র যোগ্যতা তিনি গ্রামীণ ব্যাংকে ছিলেন এবং ইউনূসের খুব কাছের মানুষ। এটাই উনার যোগ্যতা।” প্রথম কথাটা শোনে মানুষ বোধহয় একটু থতমত খেয়ে গেছে। কারণ, সবাই জানে হাসনাত আব্দুল্লাহরা হচ্ছেন মুহাম্মদ ইউনূসের স্বজন। তাদের যে দল এনসিপি, সেটাকে অনেকেই আবার ‘কিংস পার্টি’ বা রাজার দল বলছে। ফলে, এক স্বজন এখন আরেক স্বজনের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ আনছেন। ভাল না? ভাল।