জাতীয় সম্পদ ও সার্বভৌমত্ব রক্ষায় রোডমার্চের সমর্থনে সংহতি পদযাত্রা

Posted: 06 জুলাই, 2025

একতা প্রতিবেদক : চট্টগ্রাম বন্দর স্থাপনা বিদেশি কোম্পানিকে দেওয়া ও রাখাইনে করিডর দেওয়ার প্রতিবাদে স্টারলিংক-সমরাস্ত্র কারখানার মাধ্যমে যুদ্ধচক্রে জারানোর উদ্যোগ এবং দেশবিরোধী সকল অসম চুক্তি বাতিলের দাবিতে সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক জনগণের ডাকে ২৭-২৮ জুন ঢাকা-চট্রগ্রাম রোডমার্চের সমর্থনে সারাদেশে কর্মসূচি পালন করেছে বামপন্থি দল ও ব্যক্তিবর্গ। জেলা হতে প্রাপ্ত খবর- ময়মনসিংহ : সাম্রাজ্যবাদবিরোধী দেশপ্রেমিক জনগণের ডাকা রোডমার্চের সমর্থনে ময়মনসিংহ কর্তৃক ‘সংহতি সমাবেশ’ অনুষ্ঠিত হয় নগরীর ফিরোজ জাহাঙ্গীর চত্বরে। সমাবেশে ময়মনসিংহের বিভিন্ন বাম প্রগতিশীল রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশটি সঞ্চালনা করেন ময়মনসিংহ জেলা যুব ইউনিয়নের সভাপতি জহিরুল আমিন রুবেল এবং সভাপতিত্ব করেন সিপিবি ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত। গাইবান্ধা : ঢাকা-চট্টগ্রাম রোডমার্চের প্রতি সংহতি জানিয়ে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ জুন সকাল ১০ টায় কমিউনিস্ট পার্টি, গাইবান্ধা জেলা কমিটি এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। শহরের ১নং রেলগেইট থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তফিজুর রহমান মুকুল, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য ছাদেকুল ইসলাম, আব্দুল্যাহ আদিল নান্নু প্রমুখ। ব্রাহ্মণবাড়িয়া : ঢাকা-চট্টগ্রাম রোডমার্চের সমর্থনে গত ২৮ জুন ব্রাহ্মণবাড়িয়ায় সংহতি পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সাম্রাজ্যবাদবিরোধী দেশপ্রেমিক জনগণ, ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে শনিবার সকাল সাড়ে ১০টায় সংহতি পদযাত্রা শুরুর প্রাক্কালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। ভাসানী চর্চা কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়ার সংগঠক অ্যাডভোকেট আবদুন নূর এর সভাপতিত্বে এবং তেল-গ্যাস- খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মো. নাসিরের সঞ্চালনায় রোড মার্চের সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মতিলাল বণিক, জেলা সিপিবির সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাল, জেলা উদীচীর সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী স্বপন, জেলা সিপিবির যুগ্ম সম্পাদক আসমা খানম, জেলা বাংলাদেশ জাসদ নেতা জাফর আহমেদ আকসির, কৃষক নেতা নাসির মিয়া, বৈষম্যবিরোধী ছাত্রনেতা ফাহিম মুনতাসির প্রমুখ । পদযাত্রা শহরের বিভিন্ন গুরুত্ব সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন প্রাঙ্গণে গিয়ে বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়। রাজশাহী : বাম গণতান্ত্রিক জোট রাজশাহীর উদ্যোগে গত ২৮ জুন রোডমার্চ উপলক্ষে এক সমাবেশের আয়োজন করে। অসীম সরকার লিটনের সন্ঞ্চারনায় এবং সিপিবি রাজশাহীর ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন রেজা জেনুর সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোট রাজশাহী জেলার সমন্বয়ক অজিত মণ্ডল, সিপিবি রাজশাহী জেলা সাধারণ সম্পাদক আফতাব হোসেন কাজল, বাসদের মো. সোহবুল ইসলাম, মনিরুল, জমি, শ্রমিকনেতা ফিরোজ ট্রেড ইউনিয়ন রাজশাহীর সভাপতি আইউব হোসেন কাইউম, ছাত্র নেতা জান্নাতুল নাঈম প্রমুখ।