প্রজ্ঞাবান ও আদর্শনিষ্ঠ রাজনীতিবিদ কমরেড সৈয়দ আবু জাফর আহমেদ
Posted: 25 মে, 2025
একতা ডেস্ক :
কমরেড সৈয়দ আবু জাফর আহমেদ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক। ১৯৫৪ সালের ১১ জুলাই মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামে তাঁর জন্ম। বাবা সৈয়দ মনোয়ার আলী এবং মা সৈয়দা আমিরুন্নেসা খাতুন। সিলেটের রাজনৈতিক-সাংস্কৃতিক অঙ্গনের কৃতি ব্যক্তিত্বদের মধ্যে সৈয়দ আবু জাফর আহমেদ অন্যতম।
ছাত্রজীবন থেকেই প্রগতিশীল ছাত্রসংগঠন ছাত্র ইউনিয়নের সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়েন। ছাত্র রাজনীতির পাশাপাশি সিলেটের বিভিন্ন পেশাজীবী-সামাজিক-সাংস্কৃতিক ও গণতান্ত্রিক আন্দোলনে সোচ্চার ছিলেন। ১৯৭০ সালে তিনি মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্র সংসদের সাহিত্য সম্পাদক, মৌলভীবাজার জেলা ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এবং পরবর্তীকালে উভয় সংগঠনের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
সৈয়দ আবু জাফর আহমেদ দর্শনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে উচ্চতর পড়াশোনার জন্য ১৯৭৯ সালে জার্মানি যান। একজন মুক্তিযোদ্ধা হিসেবে মহান মুক্তিযুদ্ধে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের যৌথ গেরিলা বাহিনীর সদস্য হিসেবে মহান স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণ করেন।
সিলেটে চা শ্রমিক হত্যার প্রতিবাদ করতে গিয়ে ১৯৭২ সালে তিনি প্রথম কারাবরণ করেন। জেল থেকে ছাড়া পাওয়ার অব্যবহিত পরই আবার ১৯৭৩ সালের ফেব্রুয়ারিতে তিনি গ্রেপ্তার হন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের প্রতিবাদ করায় ফের তিনি গ্রেপ্তার হন এবং বিনা বিচারে দীর্ঘ এক বছর জেলজীবন কাটান। এছাড়া এরশাদবিরোধী আন্দোলনেও তিনি ছিলেন সমান সক্রিয়। গণতন্ত্রের ওই উত্তাল আন্দোলন-সংগ্রামে তাঁর সোচ্চার ভূমিকার জন্য তিনি বেশ কয়েকবার গ্রেপ্তার-নির্যাতনের শিকার হন।
সার্বক্ষণিক রাজনীতিবিদ সৈয়দ আবু জাফর আহমদ সামরিক স্বৈরাচারবিরোধী আন্দোলন ছাড়াও প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে ছিলেন সদা সোচ্চার। কৃষক, ক্ষেতমজুর, চা শ্রমিক, পরিবহন শ্রমিক, শব্দকার জনগোষ্ঠী তথা মেহনতি মানুষের অধিকার আদায়ের আন্দোলনসহ স্বাধীনতাবিরোধীদের বিচার, জাতীয় সম্পদ রক্ষার আন্দোলন, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিটি আন্দোলনে তিনি ছিলেন সামনের কাতারে। ক্ষেতমজুর আন্দোলনে তার অগ্রণী ভূমিকার কারণে ক্ষেতমজুর সমিতির সাংগঠনিক রাজনীতির শুরুর দিকেই তিনি সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।
প্রগতিশীল রাজনীতির পাশাপাশি শিল্প-সাহিত্য-সংস্কৃতি অঙ্গনেও তার ছিল সমান বিচরণ। রাজনৈতিক পাঠে অক্লান্ত এবং লেখালেখিতেও দক্ষ ছিলেন। জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে অনেক প্রবন্ধ লিখেছেন। সাহিত্য ও সংস্কৃতি বিষয়েও ছিলেন নিবেদিত। ছাত্রজীবন থেকেই সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ১৯৯০ সাল থেকে মৌলভীবাজারের জনপ্রিয় সাপ্তাহিক মনুবার্তার সম্পাদক-প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করেন। পত্রিকাটি অল্পদিনেই সুধীজনসহ সবার দৃষ্টি আকর্ষণ করে। এবং পত্রিকা অফিসটি অনেক লেখক, সাংবাদিকদের যোগাযোগের কেন্দ্রস্থলে পরিণত হয়। নতুন লেখক সৃষ্টিতেও পত্রিকাটির ভূমিকা উল্লেখযোগ্য। পত্রিকাটির প্রকাশনা সম্প্রতি বন্ধ হয়ে গেছে। গণমানুষের মুক্তি ও চেতনাগত পরিবর্তনে তিনি সশরীরে রাজপথে যেমন সক্রিয়, তেমনই সক্রিয় ছিল তার কলম। বৃত্তবন্দি অপরাজনীতির ধারাভাষ্যসহ আর্থ-সামাজিক ইস্যুতে আমৃত্যু তার কলম সচল ছিল।
কমরেড সৈয়দ আবু জাফর আহমদ ১৯৭৮ সালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মৌলভীবাজার মহকুমা কমিটির সহ-সাধারণ সম্পাদক পদে অধিষ্ঠিত হন এবং পরবর্তীতে দীর্ঘ দিন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এরই ধারাবাহিকতায় ১৯৯১ সালে পার্টির ৫ম কংগ্রেসে তিনি কেন্দ্রীয় কমিটির সদস্য, ১৯৯৫ সালে ৬ষ্ঠ কংগ্রেসে সভাপতিমণ্ডলীর সদস্য এবং ২০১২ ও ২০১৬ সালে যথাক্রমে দশম ও একাদশ কংগ্রেসে পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। অসুস্থতাজনিত কারণে ২০১৭ সালে তিনি সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি নিয়ে আমৃত্যু প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রজ্ঞাবান ও আদর্শনিষ্ঠ রাজনীতিদিদ সৈয়দ আবু জাফর আহমদ ২৮ মে, ২০১৯ দিবাগত রাত সাড়ে ১২টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।