মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট হচ্ছেন শিনবাউম

Posted: 09 জুন, 2024

একতা বিদেশ ডেস্ক : বিপুল ভোটে জয়লাভ করে মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ক্লদিয়া শিনবাউম। তিনি ক্ষমতাসীন বামপন্থি দলের প্রার্থী। মেক্সিকোর নির্বাচন কমিশন বলছে, জলবায়ুবিজ্ঞানী এবং মেক্সিকো সিটির সাবেক মেয়র শিনবাউম ৫৮ দশমিক ৩ শতাংশ থেকে ৬০ দশমিক ৭ শতাংশ ভোট পেয়েছেন। গণতান্ত্রিক মেক্সিকোর ইতিহাসে এটাই কোনো প্রেসিডেন্ট প্রার্থীর সর্বোচ্চ ভোটে জয়লাভ। শিনবাউমের প্রধান প্রতিদ্বন্দ্বী শোচিত গ্যালভেজ ২৬ দশমিক ৬ শতাংশ থেকে ২৮ দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছেন। জয় নিশ্চিত হওয়ার পর সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে শিনবাউম বলেন, ‘আমাদের গণতন্ত্রের ২০০ বছরের ইতিহাসে আমিই প্রথম নারী প্রেসিডেন্ট হতে চলেছি।’ এ সময় শিনবাউমের সমর্থকেরা ‘প্রেসিডেন্ট’ ‘প্রেসিডেন্ট’ বলে চিৎকার করতে থাকেন। সহিংসতা ও প্রাণহানির মধ্য দিয়ে মেক্সিকোতে পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। ভোটের আগে জনমত জরিপগুলোয় শিনবাউম তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী শোচিত গ্যালভেজের চেয়ে কিছুটা এগিয়ে ছিলেন। ভোটের দিন সারা দেশে সহিংস ঘটনা ঘটেছে। পুয়েব্লা রাজ্যে ভোটকেন্দ্রে সহিংসতায় দুজন নিহত হয়েছেন। রোববার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় বেশির ভাগ ভোটকেন্দ্রে ভোট গ্রহণ শেষ হয়। এদিন দেশটির প্রায় ১০ কোটি মানুষ ভোট দিয়েছেন। ভোটাররা মেক্সিকো কংগ্রেসের সব সদস্য, আটটি রাজ্যের গভর্নর এবং মেক্সিকো সিটির মেয়র নির্বাচন করতেও ভোট দেন। মেক্সিকো সিটির মেয়র পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস আগেই ছিল। ক্ষমতাসীন দল মোরেনা পার্টির ক্লারা ব্রুগাদা এবং বিরোধী জোটের প্রার্থী সান্তিয়াগো তাবোয়াদা উভয়ই নিজস্ব বুথফেরত সমীক্ষার কথা বলে নিজেদের জয় দাবি করেছেন।