
সমাজ বদলের লড়াই-সংগ্রামকে সামনে রেখে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে কাস্তে প্রতীকে লড়ছেন সিপিবি নারায়ণগঞ্জ জেলা কমিটির সাবেক সভাপতি হাফিজুল ইসলাম।
তিনি ছাত্রজীবনে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সঙ্গে যুক্ত হয়ে ছাত্র রাজনীতিতে নেতৃত্ব দেন। আশির দশকে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনে সাহসী ও সক্রিয় ভূমিকা রাখায় পুলিশি নির্যাতনসহ দীর্ঘদিন কারাভোগ করেন। বাংলাদেশ যুব ইউনিয়নে যুক্ত হয়ে যুব আন্দোলনে নেতৃত্ব দেন। কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এবং নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।
ছাত্র ও যুব আন্দোলনের পর হাফিজুল ইসলাম নিজেকে শ্রমিক আন্দোলনে যুক্ত করেন। গণদাবিতে বিভিন্ন লড়াই সংগ্রাম ও সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তিনি কৃষক শ্রমিক মেহনতি মানুষের পার্টি সিপিবির নেতা হয়ে উঠেন। সব শ্রেণির খেটেখাওয়া মানুষের এই প্রিয় নেতা শত জেল-জুলুম, হুমকি, নির্যাতনেও দমে যাননি।
হাফিজুল ইসলাম পরিবেশ আন্দোলনের একজন বলিষ্ঠ নেতা হিসেবে আড়াইহাজারের সোনাখালী খাল, ব্রহ্মপুত্র নদ রক্ষা আন্দোলন গড়ে তোলেন। তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর জাতীয় সম্পদ রক্ষা আন্দোলন, নারায়ণগঞ্জ জেলার বাসভাড়া বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন, হত্যা, গুম, নারী ধর্ষণ-নিপীড়ন, চাঁদাবাজিসহ সব ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে তিনি সবসময়ই অকুতোভয় সৈনিক।
হাফিজুল ইসলাম নারায়ণগঞ্জ-২ আসনে ১৯৯১ সালে সিপিবি মনোনীত এবং ২০০১ সালে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন।