
খুলনা সংবাদদাতা :
২২ জুলাই সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে রাষ্ট্রীয় বাহিনীর বর্বর হামলা চালায়। এতে কয়েকশো শিক্ষার্থী আহত হয়। তার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন খুলনা মহানগর সংসদ। ২৪ জুলাই খুলনা শহরে এ প্রতিবাদ কর্মসূচি পালন করে সংগঠনটি।
একইসাথে, মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থী ও শিক্ষকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করা হয়।
বক্তারা বলেন, গত ২১ জুলাই ঢাকার মাইলস্টোন স্কুলে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বহু শিক্ষার্থী ও শিক্ষক প্রাণ হারান। এই ঘটনায় গোটা জাতি শোকাহত। ইংরেজি শিক্ষিকা মহেরিন চৌধুরী তাঁর নিজের জীবন বাজি রেখে শিক্ষার্থীদের রক্ষায় যে ভূমিকা রেখেছেন, তা চিরস্মরণীয়। ছাত্র ইউনিয়ন তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছে এবং সকল নিহতের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করছে।
বক্তারা আরও বলেন, রাষ্ট্রের দায়িত্বজ্ঞানহীনতা ও অবহেলার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। জনবহুল অঞ্চলে যুদ্ধবিমান উড়ানো এবং প্রশিক্ষণের নামে ঝুঁকিপূর্ণ অভিযান চালানো চরম অপরাধ। আমরা এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দায়ীদের বিচার দাবি করছি।
সমাবেশে বক্তারা উল্লেখ করেন, ২২ জুলাই সচিবালয়ের সামনে শিক্ষার্থীরা যখন তাদের ন্যায্য ৬ দফা দাবি নিয়ে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিল, তখন রাষ্ট্রীয় বাহিনী তাদের উপর লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে নৃশংসভাবে দমন-পীড়ন চালায়। এতে বহু শিক্ষার্থী আহত হয়েছেন এবং আতঙ্কিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মনে করে, এই হামলা গণতান্ত্রিক অধিকার ও মত প্রকাশের স্বাধীনতার উপর সরাসরি আঘাত। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে দায়ীদের বিচার দাবি করছি।