শুধু সংকট হলেই প্রধান উপদেষ্টা ডাকেন : প্রিন্স

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক : প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন সাংবাদিকদের বলেন, ‘দেশে সংকট হলেই শুধু প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে ডাকেন এবং দেখান যে সবাই একমত। এর পর থেকে সরকার রাজনৈতিক দলের পরামর্শ গ্রহণ না করলে প্রধান উপদেষ্টার এমন আহ্বানে সাড়া দেবে না আমরা।’ রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির পরদিন সেখানে ছাত্রবিক্ষোভ এবং সচিবালয়ে ঢুকে শিক্ষার্থীদের বিক্ষোভ-ভাঙচুর ও সংঘর্ষের পরিপ্রেক্ষিতে গত ২২ জুলাই রাতে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ চারটি দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সেখানে গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতা নিয়েও আলোচনা হয়। প্রধান উপদেষ্টা ফ্যাসিবাদের বিরুদ্ধে দলগুলোর ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান জানান। অপরদিকে দলগুলোর পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষায় সরকারকে আরও শক্ত অবস্থান নেওয়ার পরামর্শ দেওয়া হয়। এরপর গত ২৩ জুলাই বিকেলে ১৩ টি দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ওই বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিপিবির সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স। বৈঠকে গোপালগঞ্জ ও মাইলস্টোনের ঘটনা নিয়ে কথা বলেছেন জানিয়ে সিপিবির সাধারণ সম্পাদক বলেন, গোপালগঞ্জে এনসিপির কর্মসূচির আগে কেন উসকানিমূলক বক্তব্য দেওয়া হলো, সে প্রশ্ন বৈঠকে তুলেছেন। তিনি বলেন, অনেকে মনে করে এনসিপি প্রধান উপদেষ্টার প্রশ্রয়ে আছে। সচিবালয়ে বিক্ষোভের ঘটনায় পুলিশি হামলার কারণও জানতে চেয়েছেন। রুহিন হোসেন বলেন, প্রধান উপদেষ্টাকে বলেছি, জনগণকে সুশাসন দিতে না পারলে জনগণের মধ্যে প্রশ্ন তৈরি হবে। কেউ কেউ বলতে পারে, ‘আগের সময়েই ভালো ছিলাম।’ সুতরাং অন্তর্বর্তী সরকারকে এমনভাবে কাজ করতে হবে, যেন এ ধরনের কথা কেউ না বলতে পারে। বৈঠকে প্রধান উপদেষ্টাকে পতিত স্বৈরাচার ও আধিপত্যবাদের বিষয়ে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন বলেও জানান এই নেতা। এর আগে, বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনার পর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিবাদ কর্মসূচিসহ সচিবালয়ে শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর ‘হামলা’র প্রতিবাদে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ থেকে প্রতীকী ওয়াকআউট করেছে তিনটি রাজনৈতিক দল। বুধবার (২৩ জুলাই) সকাল ১১টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপের অষ্টাদশতম দিনের অধিবেশন শুরু হয়। এ সময় বামপন্থি তিন দল- সিপিবি, বাসদ ও বাংলাদেশ জাসদ ১০ মিনিটের জন্য এই প্রতীকী ওয়াকআউট করে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..