দারিয়াপুরে অসহনীয় যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি
Posted: 30 নভেম্বর, 2025
গাইবান্ধা সংবাদদাতা :
চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেয়ার প্রতিবাদে ও দারিয়াপুরের যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি।
গত ২২ নভেম্বর সন্ধ্যায় গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর চারমাথায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। দারিয়াপুর অঞ্চল সিপিবির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য মিহির ঘোষ, জেলা সিপিবির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, সদর উপজেলা সিপিবির সভাপতি ছাদেকুল ইসলাম মাস্টার প্রমুখ।
মিহির ঘোষ বলেন, ‘শেখ হাসিনার বিচারের রায় যেদিন লাইভ প্রচার করা হলো অন্যদিকে একই দিনে চট্টগ্রাম বন্দর বিদেশীদের কাছে লীজ দেয়ার চুক্তি করা হলো গোপনে। আমরা বুঝি না বর্তমান অন্তর্বর্তী ইউনূস সরকারের এজেন্ডা কি? এর জবাবদিহি সরকারকে করতে হবে। তিনি অবিলম্বে সারাদেশে চলমান মব সন্ত্রাস বন্ধ ও চট্টগ্রাম বন্দরের চুক্তি বাতিলের দাবি জানান।
দারিয়াপুর এলাকার অসহনীয় যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে অনুষ্ঠিত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে নেতৃবৃন্দ।