নির্বাচনী ব্যয় বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি বামজোটের
Posted: 30 নভেম্বর, 2025
একতা প্রতিবেদক :
আরপিও’র অগণতান্ত্রিক সংশোধনী এবং জামানত ও নির্বাচনী ব্যয় বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল, কালো টাকা, পেশিশক্তি, সাম্প্রদায়িকতা ও প্রশাসনিক কারসাজি মুক্ত নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবিতে জেলায় জেলায় জেলা প্রশাসক ও নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। এছাড়াও সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে জোটটির নেতাকর্মীরা।
নারায়ণগঞ্জ : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ২৬ নভেম্বর বিকাল ৪টায় নারায়ণগঞ্জ কেন্দ্র্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাম গণতান্ত্রিক জোট জেলার সমন্বয়ক হাফিজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জেলা কমিটির সভাপতি শিবনাথ চক্রবর্ত্তী, বাসদ জেলার সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব, সিপিবি নেতা এম এ শাহিন, বিমল কান্তি দাস, ইকবাল হোসেন, বাসদ জেলা সদস্য সেলিম মাহমুদ, এস এম কদির প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক দল ও স্টেকহোল্ডারদের সঙ্গে আলেচনা না করে সম্পূর্ণ অগণতান্ত্রিক ও স্বেচ্ছাচারীভাবে আরপিও সংশোধন করে নির্বাচনে জামানতের টাকা ও নির্বাচনী ব্যয় সীমা বৃদ্ধি, সব আসনে না ভোটের বিধান না রেখে শুধুমাত্র একক প্রার্থীর ক্ষেত্রে না ভোট রাখাসহ বিভিন্ন অগণতান্ত্রিক ধারা আরপিওতে সন্নিবেশিত করা হয়েছে। কালোটাকা, পেশিশক্তি, সামপ্রদায়িতা, আঞ্চলিকতা ও প্রশাসনিক কারসাজিমুক্ত নির্বাচনের দাবি দীর্ঘদিন ধরে করা হলেও নির্বাচন কমিশন সেগুলো নিয়ন্ত্রণে কোন সুনির্দিষ্ট পদক্ষেপ নিচ্ছে না। বরং নির্বাচনে জামানতের টাকা বৃদ্ধি করে এবং নির্বাচনের ব্যয় সীমা বাড়িয়ে সৎ সাধারণ মধ্যবিত্ত ও শ্রমজীবী মানুষের নির্বাচনে প্রার্থী হওয়ার পথে ব্যাপক প্রতিবন্ধকতা তেরি করছে।
ময়মনসিংহ : গত ২৬ নভেম্বর বেলা ১১টায় অগণতান্ত্রিক ও স্বেচ্ছাচারীভাবে আরপিও সংশোধন করে জামানত ও নির্বাচনী ব্যয় বৃদ্ধির প্রতিবাদে এবং নির্বাচনে কালো টাকা, পেশিশক্তি, সাম্প্রদায়িকতা, প্রশাসনিক কারসাজি বন্ধের দাবিতে ময়মনসিংহ জেলা নির্বাচন কার্যালয়ের সামনের জিরো পয়েন্টে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জোটের জেলার সমন্বয়ক শেখ বাহার মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য মনিরা বেগম অনু, বাসদ-মার্কসবাদীর নেতা অজিত দাস, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির নগর কমিটির আহ্বায়ক আজহারুল ইসলাম আজাদ, বাসদ নেতা তানজিল হোসেন মুনিম প্রমুখ। সঞ্চালনা করেন সিপিবি ময়মনসিংহ নগর কমিটির সহ-সাধারণ জহিরুল আমিন রুবেল।
খুলনা : সুষ্ঠু, নিরপেক্ষ গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনী পরিবেশ সৃষ্টির দাবিতে খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি পেশ করেছে বাম গণতান্ত্রিক জোট খুলনা জেলা কমিটি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ২৬ নভেম্বর বেলা ১১টায় নগরীর নূরনগরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত কর্মসূচিতে এই সময়ে উপস্থিত ছিলেন বাম জোটের জেলা কমিটির সমন্বয়ক এবং বাসদ জেলা সদস্য সচিব কোহিনুর আক্তার কনা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জেলা সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নান, বাসদ জেলা আহ্বায়ক জনার্দন দত্ত নান্টু, সিপিবি জেলা সহ-সম্পাদক হুমায়ুন কবির, মহানগর কমিটির সভাপতি এইচ এম শাহাদাৎ, জেলা সদস্য মিজানুর রহমান বাবু, এস এম চন্দন, বাসদ জেলা সদস্য আব্দুল করিম, কমিউনিস্ট লীগ জেলা সম্পাদক কাজী দেলোয়ার হোসেন, সিপিবি নেতা মীর ওবায়দুর রহমান, বাসদ নেতা ইউনুস আহমেদ মাসুদ প্রমুখ। স্মারকলিপি গ্রহণ করেন খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদের।
স্মারকলিপি পেশকালে নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিবাদী সরকারের পতনের পর দেশের মানুষ অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন কবে হবে সেজন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। অথচ নির্বাচনে জামানত ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা, নির্বাচনী ব্যয়সীমা ২০ লক্ষ টাকার পরিবর্তে ভোটার প্রতি ১০ টাকা হিসেবে ৫০ থেকে ৭৭ লক্ষ টাকা করা, পোস্টার ছাপানোর ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়ে ডিজিটাল প্রচারের নিয়ম করায় বাস্তবে এতে নির্বাচনের ব্যয় বহুগুণে বাড়বে। অর্থাৎ নির্বাচনে লুটেরা ধনী ও কালো টাকার মালিকদের দৌরাত্মই বেড়ে যাবে। ইতোমধ্যে অনেক প্রার্থী নানা প্রচারে বিস্তর টাকা খরচ করলেও তাদের বিষয়ে কমিশনের ভূমিকা নেই। কালো টাকা, পেশীশক্তি, সাম্প্রদায়িক ও প্রশাসনিক কারসাজিমুক্ত নির্বাচন নিশ্চিত করার ক্ষেত্রে সংশোধিত আরপিও কতটুকু সক্ষম হবে তার বিষয়ে সন্দেহ আছে। এছাড়াও আইসিটিতে মামলার চার্জশিট দিলেই নির্বাচনে অযোগ্য ঘোষণা করার বিধান মানবাধিকার বিরোধী। কারণ আদালতের রায় না হওয়া পর্যন্ত কাউকে চূড়ান্ত দোষী সাব্যস্ত করা যায় না।
সিরাজগঞ্জ : গত ২৬ নভেম্বর সকাল সাড়ে ১১টায় সিরাজগঞ্জ জেলা বাম গনতান্ত্রিক জোট নির্বাচনে কালো টাকা, ধর্মের ব্যবহার,পেশী শক্তি বন্ধ ও ১০ হাজার টাকা জামানত নির্ধারনের দাবিতে, জেলা নির্বাচনী কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী পালন করেন।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন সিপিবি জেলা কমিটির সভাপতি ও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ইসমাইল হোসেন। এসময় বক্তব্য রাখেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য শহিদুল্লাহ সবুজ, বাসদ জেলা কমিটির আহবায়ক ও বাম গণতান্ত্রিক জোটের সদস্য সচিব নব কুমার কর্মকার, সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তফা নূরুল আমিন, সিপিবি জেলা কমিটির সম্পাদক সুনীল কুমার দে, সিপিবি জেলা কমিটির সম্পাদক শেখ সুলতান আহমেদ, বাসদ জেলা কমিটির নেতা টরিক প্রমুখ।