যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল চাদ

Posted: 15 জুন, 2025

একতা বিদেশ ডেস্ক : যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করেছে আফ্রিকার দেশ চাদ। সম্প্রতি দেশটি এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। এর আগে চাদসহ ১২টি দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। এ সিদ্ধান্তের কথা জানিয়ে চাদের প্রেসিডেন্ট মাহামাত ইদ্রিস ডেবি ইতনো নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এক বিবৃতিতে বলেন, ‘চাদের দেওয়ার মতো না কোনো উড়োজাহাজ আছে, না আছে শতকোটি ডলার দেওয়ার সামর্থ্য; তবে চাদের আছে আত্মমর্যাদা ও গর্ব।’ এর আগে এক নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে ১২টি দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন এ নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেনের নাগরিকেরা। ট্রাম্প আরও সাতটি দেশের ওপর আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছেন। দেশগুলো হলো বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলা। তবে এসব দেশের নাগরিকদের জন্য কিছু ‘সাময়িক কাজের ভিসা’ দেওয়া হবে। এই নিষেধাজ্ঞার মধ্য দিয়ে নিজের প্রথম মেয়াদের অন্যতম বিতর্কিত পদক্ষেপের পুনরাবৃত্তি ঘটালেন রিপাবলিকান এই প্রেসিডেন্ট।