দেউলিয়াপনার খেসারত দিচ্ছে জনগণ

Posted: 26 জুন, 2016

একতা প্রতিবেদক: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, দেশে এক ভয়াবহ অবস্থা বিরাজ করছে। উগ্র সাম্প্রদায়িক সশস্ত্র গোষ্ঠী অপতৎপরতা জোরদার করেছে। সরকার জনগণের নিরাপত্তা দিতে পারছে না। টার্গেট করে প্রকাশ্যে হত্যা, গুপ্ত হত্যা, ধর্ষণ, দখল, ‘ক্রসফায়ারের’ নামে হত্যাদণ্ড, গুম, গুম-হত্যা বেড়েই চলেছে। জনগণের গণতান্ত্রিক অধিকার ক্রমান্বয়ে সঙ্কোচন করা হচ্ছে। এসবের ভেতর দিয়ে বুর্জোয়া রাজনীতির দেউলিয়াপনা ফুটে উঠছে। এ বুর্জোয়া রাজনীতির দেউলিয়াপনার খেসারত দিতে হচ্ছে জনগণকে। গত ২৪ জুন মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে অনুষ্ঠিত সিপিবি’র জাতীয় পরিষদের সভায় তিনি এসব কথা বলেন। সভায় রিপোর্ট উত্থাপন করেন সিপিবি’র সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ ও শোক প্রস্তাব উত্থাপন করেন কেন্দ্রীয় কমিটির সদস্য অনিরুদ্ধ দাশ অঞ্জন। সভায় আরও বক্তব্য দেন, পার্টির জাতীয় পরিষদ সদস্য আব্দুল হালিম, জামসেদ আনোয়ার তপন, গাজী গোলাম মোস্তফা, মোতালেব মোল্লা, অধ্যক্ষ আবু হোসেন, আ. রউফ, সৈয়দ আহমেদ, মোজাহারুল হক, হাফিজ আদনান রিয়াদ, ডা. তপন বসু, রসু আক্তার, হাফিজুল ইসলাম, জয়নাল খান, মাকসুদা আখতার, ম হেলাল উদ্দিন, লাকি আক্তার, নলিনীকান্ত সরকার, শ ম কামাল হোসেন প্রমুখ। সভায় সেলিম বলেন, শাসকশ্রেণির দলগুলোর ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির বলি হচ্ছে জনগণ। মুক্তিযুদ্ধের ধারা থেকে দেশকে সরিয়ে নেওয়াই বর্তমান সঙ্কটের মূল কারণ। বর্তমান সঙ্কট থেকে মুক্তি পেতে সমাজতন্ত্রের লক্ষ্যে মুক্তিযুদ্ধের ধারায় দেশকে অগ্রসর করতে হবে। ’৭২-এর সংবিধানের মূল ভিত্তি পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। সমস্ত দ্বিধা-দ্বন্দ্ব, হতাশা, দ্যোদুল্যমানতা কাটিয়ে উঠে বিপ্লবী জাগরণ ঘটাতে হবে। চলমান সঙ্কট কাটাতে দ্বি-দলীয় মেরুকরণের বাইরে বাম-গণতান্ত্রিক বিকল্প গড়ে তুলতে হবে, শক্তিশালী করতে হবে কমিউনিস্ট পার্টিকে। শোষণ-বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে আগামী ২৮-৩১ অক্টোবর সিপিবি’র একাদশ কংগ্রেস সফল করে তোলার আহ্বান জানান সেলিম। এছাড়া হত্যা, গুম, ধর্ষণ, জঙ্গিবাদ প্রতিরোধে পাড়া-মহল্লায় গণপ্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান তিনি। এর আগে গত ২২-২৩ জুন সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সভা হয়।