
একতা প্রতিবেদক :
বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং, গ্যাস সংকট এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) পল্টন শাখা।
গত ৯ সেপ্টেম্বর বিকাল ৫টায় আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি পল্টন থানার সভাপতি মুর্শিকুল ইসলাম শিমুল। বক্তব্য রাখেন, শাখা সম্পাদক রফিজুল ইসলাম রফিক, শ্রমিক নেতা সেকেন্দার হায়াত, কৃষক নেতা গৌরাঙ্গ লাল মল্লিক, সাবেক ছাত্র নেতা দীপক শীল।
সমাবেশে সেকেন্দার হায়াত বলেন, বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে সাধারণ মানুষ, শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। দীর্ঘ সময়ের লোডশোডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শিল্প-কারখানা, ব্যবসা-বাণিজ্যেও এর নেতিবাচক প্রভাব পড়ছে। অন্যদিকে গ্যাস সংকট মানুষের দৈনন্দিন জীবন ও উৎপাদন ব্যবস্থায় দুর্ভোগ বাড়াচ্ছে।
তিনি আরও বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠা সরকারের মৌলিক দায়িত্ব। আইনশৃঙ্খলার অবনতি ও জননিরাপত্তার সংকট কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
সমাবেশে মুর্শিকুল ইসলাম শিমুল বলেন, জনগণের মৌলিক সেবা নিশ্চিত করতে সরকারের ব্যর্থতা আজ স্পষ্ট হয়ে উঠেছে। বিদ্যুৎ ও গ্যাস সংকটকে অবহেলা করে জনগণকে সীমাহীন দুর্ভোগের মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে। ঘন ঘন লোডশেডিংয়ে শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ, ব্যবসায়ী ও শিল্প-কারখানার কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
অন্যদিকে আইনশৃঙ্খলার অবনতিতে মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। জনগণের দুর্ভোগকে উপেক্ষা করে কোনো সরকার দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারে না।
তিনি লোডশেডিং বন্ধ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিশ্চিত করার দাবি জানান।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তি ভবনে এসে শেষ হয়।