নড়াইলে কৃষক সমিতির উদ্যোগে ধান কাটা উৎসব

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

নড়াইলের বড়দিয়া অঞ্চলে ধান কাটা উৎসবের মধ্য দিয়ে প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ কৃষক সমিতি, খাশিয়াল ইউনিয়ন শাখা। গত ৭ মে ধান কাটা উৎসবের আয়োজন করা হয়
নড়াইল সংবাদদাতা : নড়াইলের বড়দিয়া অঞ্চলে ধান কাটা উৎসবের মধ্য দিয়ে প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ কৃষক সমিতি। গত ৭ মে স্থানীয় টোনা মাঠে কৃষক সমিতির খাশিয়াল ইউনিয়ন শাখার উদ্যোগে তৃতীয়বারের মতো ‘ধান কাটা উৎসবে’র আয়োজন করা হয়। উদ্যোগের অংশ হিসেবে ইউনিয়নের ১৫ জন প্রান্তিক কৃষকের তিনশ শতক জমির পাকা ধান কেটে দেন কৃষক সমিতির কর্মীরা। এ কর্মসূচিতে কৃষক সমিতি, ছাত্র ইউনিয়ন ও উদীচীর শতাধিক নেতাকর্মী অংশ নেন। এ সময় সিপিবির নড়াইল জেলা কমিটির সভাপতি ও খাশিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কৃষকনেতা বি এম বরকত উল্লাহ বলেন, প্রান্তিক কৃষকদের সহযোগিতা করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। কৃষকের দাবিতে আন্দোলন গড়ে তোলার পাশাপাশি উৎপাদন কার্যক্রম সচল রাখতে কৃষকের পাশে থেকে নিয়মিত এ ধরনের সহযোগিতামূলক উদ্যোগ নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। আমরা চাই এ ধরনের উদ্যোগ সারাদেশে ছড়িয়ে যাক। তিনি ফসলের লাভজনক দাম নিশ্চিত করা এবং সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার দাবি জানান। ধান কাটা উৎসবে উপস্থিত হয়ে কালিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম কৃষক সমিতির নেতা-কর্মীদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, বর্তমানে ধান কাটার মৌসুম চলছে। এ অবস্থায় কৃষক সমিতির স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ধান কাটার উদ্যোগ খুবই প্রশংসনীয় ও সময়োপযোগী। এতে সময়মতো ধান ঘরে তোলার ক্ষেত্রে প্রান্তিক কৃষকরা উপকৃত হবেন, পাশাপাশি উৎপাদন ব্যয়ও কমবে। এ ধরনের উদ্যোগ সর্বত্র ছড়িয়ে দিতে হবে। সরকারি সহায়তা ও স্বেচ্ছাশ্রমভিত্তিক কার্যক্রম একসঙ্গে চললে কৃষি উৎপাদনে ইতিবাচক পরিবর্তন আসবে। আরও বক্তব্য রাখেন কৃষক সমিতির জেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ সুলতান, জেলা কমিটির সদস্য প্রবীর রায়, খাশিয়াল ইউনিয়ন কমিটির সভাপতি হারুণ খান, শিমুল মোল্যা, করুণাময় দাশ, আনন্দ বিশ্বাস, তৈয়েবুর রহমান প্রমুখ। ধান কাটার কর্মসূচিকে ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ধান কাটার পাশাপাশি চলে কৃষকের দাবিতে নানা স্লোগান। কৃষক সমিতির উদ্যোগে বড়দিয়া অঞ্চলের আরও বেশ কিছু মাঠে ধারাবাহিকভাবে ধান কেটে দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষক সমিতির নেতারা।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..