কেরালার এই রায়ই শেষ কথা নয় : পিনারাই বিজয়ন

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

একতা বিদেশ ডেস্ক : কেরালা বিধানসভার রায় চলার শেষ নয়। বরং রাজনৈতিক ক্ষেত্রে এলডিএফ’র জন্য এটি এক নতুন সূচনা। কেরালার বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর প্রথম প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেছেন বিদায়ী মুখ্যমন্ত্রী এবং সিপিআই(এম) পলিটব্যুরো সদস্য পিনারাই বিজয়ন। বিজয়ন বলেছেন, ‘বাম গণতান্ত্রিক ফ্রন্ট বা এলডিএফ’র জন্য এই রায় শেষ নয়, বরং রাজনৈতিক ক্ষেত্রে এক নতুন সূচনা।‘ বৃহস্পতিবার বিবৃতিতে বলেন, আমরা আশ্বাস দিচ্ছি যে আমরা আরও শক্তিশালী হয়ে ফিরব এবং কেরালার জনগণের আস্থা পুনরুদ্ধার করব। এই বিষয়ে কোনও সন্দেহ নেই যে, ১০ বছর ধরে কেরালার উন্নয়নের জন্য নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জনকল্যাণ প্রকল্পগুলি বাস্তবায়িত করা হয়েছে তা সমাজে বৃহত্তর পরিবর্তন ঘটিয়েছে। ওই প্রকল্পগুলি যাতে বন্ধ না হয় সেই জন্য জনসচেতনতা তৈরি করতে হবে। বিজয়ন বলেন, জ্ঞানভিত্তিক অর্থনীতি, যুব কর্মসংস্থান, সামাজিক ন্যায়বিচার, জনস্বাস্থ্য এবং শিক্ষা’র ভিত্তিতে এলডিএফ নতুন কেরালা গড়ার চেষ্টা করেছিল। সেই একই পথে কেরালার উন্নয়নের জন্য একটি শক্তিশালী বিরোধী দলের ভূমিকার নেবে এলডিএফ। চরম দারিদ্র্য নির্মূল, নারী ক্ষমতায়ন এবং সামাজিক সুরক্ষার মতো ক্ষেত্রে আমাদের নীতিগুলো জনগণের জন্য প্রয়োজনীয়। এগুলো বাস্তবায়নের জন্য আমরা নতুন সরকারের ওপর গণতান্ত্রিক পদ্ধতিতে চাপ প্রয়োগ করব। তিনি আরও বলেন, কেরালার ধর্মনিরপেক্ষতা ও বহুত্ববাদ রক্ষা করা এলডিএফ-এর একটি মৌলিক অবস্থান। এই নির্বাচনের কিছু ইঙ্গিত ধর্মনিরপেক্ষতা রক্ষাকারীদের জন্য উদ্বেগজনক। বিজেপির তিনটি আসনে জয়লাভ একটি গুরুতর বিষয়। কোনও ধরনের সাম্প্রদায়িকতার সঙ্গে আপস না করে বিভাজনমূলক রাজনীতির বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। এলডিএফ-এর জন্য নির্বাচনের ফলাফল ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। সব ধরনের নেতিবাচক অপপ্রচার ও আক্রমণ সত্ত্বেও, এলডিএফ-কে সমর্থন জানানোর জন্য জনগণকে ধন্যবাদও জানান তিনি।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..