দেশপ্রেমিক বাম-প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
গাইবান্ধা সংবাদদাতা : গাইবান্ধা অঞ্চলের প্রগতিশীল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ক্বাফী রতন। গত ১৩ জুন সন্ধ্যায় সিপিবি জেলা কার্যালয়ে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সিপিবি গাইবান্ধা জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক মুরাদ জামান রব্বানীর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আব্দুল্লাহ ক্বাফী রতন দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের প্রসঙ্গ টেনে বাম-প্রগতিশীল-দেশপ্রেমিক শক্তির লড়াইকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। সভায় আরও বক্তব্য রাখেন উদীচী জেলা সংসদের সভাপতি অধ্যাপক জহুরুল কাইয়ূম, প্রগতি লেখক সংঘের জেলা সভাপতি দেবাশীষ দাস দেবু, উন্নয়ন কর্মী জালাল আহম্মেদ, মানবাধিকার সংগঠক প্রবীর চক্রবর্তী, মহিলা পরিষদের জেলা সাধারণ সম্পাদক রিক্তু প্রসাদ, মহিলা ফোরামের সাধারণ সম্পাদক ইশরাত জাহান লিপি, সময় টিভির জেলা প্রতিনিধি হেদায়েতুল ইসলাম বাবু প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য মিহির ঘোষ। আলোচনায় সাম্প্রতিক জ্বালানি তেল-গ্যাস-বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, হামে শিশুমৃত্যু, নারী শিশু ধর্ষণ-বলাৎকার, মব সন্ত্রাস, সাম্প্রদায়িক গোষ্ঠীর আস্ফালন, যুক্তরাষ্ট্রের সাথে অসম বাণিজ্য চুক্তি ও সংসদে পেশকৃত বাজেটের বিষয়গুলো উঠে আসে। সেইসাথে সকল দেশপ্রেমিক প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..