শহীদ প্রদীপ ভৌমিক হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে পুরানা পল্টনে ক্ষেতমজুর সমিতির বিক্ষোভ একতা প্রতিবেদক :
চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিরাজগঞ্জ জেলা কমিটি সদস্য, রায়গঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক, ক্ষেতমজুর সমিতির নেতা সাংবাদিক প্রদীপ কুমার ভৌমিকের হত্যা দিবস ৪ আগস্ট মুক্তিভবনে (সিপিবি কেন্দ্রীয় কার্যালয়) প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে।
এছাড়াও প্রদীপ কুমার ভৌমিকের হত্যাদিবসে ৪ আগস্ট বিকালে রাজধানীর পুরানা পল্টনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সৈনিক শহীদ প্রদীপ ভৌমিককে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ প্রেসক্লাবে কর্মরত অবস্থায় সাম্প্রদায়িকগোষ্ঠী নির্মমভাবে হত্যা করে। হত্যার পর প্রদীপ ভৌমিককে শহীদদের তালিকায় রাখা হলেও পরবর্তীতে তাঁর নাম বাদ দেওয়া হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অর্ণব সরকার, নির্বাহী কমিটির সদস্য রমেন্দ্র চন্দ্র বর্মন, মোতালেব হোসেন। উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির সদস্য অনিরুদ্ধ দাশ অঞ্জন, সহ-সাধারণ সম্পাদক কল্লোল বনিক, সদস্য হাসান হাফিজুর রহমান সোহেল, ফিরোজ আলম মামুন, সিপিবি নেতা কার্তিক চক্রবর্তী, হকার্স ইউনিয়নের নেতা সেকান্দার হায়াত প্রমুখ।
শ্রদ্ধা নিবেদন শেষে, সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম বলেন- গত বছর জুলাই গণঅভ্যুত্থানে সাম্প্রদায়িক মৌলবাদীগোষ্ঠী সিপিবি নেতা প্রদীপ ভৌমিককে রায়গঞ্জ প্রেসক্লাবে কর্মরত অবস্থায় নির্মমভাবে হত্যা করে। আমরা স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে দীর্ঘ ১৬ বছর লড়াই করেছি। পাশাপাশি সাম্প্রদায়িকতার বিরুদ্ধেও আমাদের সংগ্রাম অব্যাহত আছে। আমরা এই দুই অপশক্তির দ্বারা সবসময়ই আক্রমণের শিকার হয়েছি। প্রদীপ ভৌমিক জীবন দিয়ে প্রমাণ করেছেন সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত রাখতে হবে।
তিনি বলেন, স্বৈরাচারকে হটিয়ে আমরা একটি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠা করতে পারিনি। এজন্য আমাদের গণতন্ত্রের লড়াই অব্যাহত রাখতে হবে।
বর্তমান অন্তর্বতীকালীন সরকার ও সাম্প্রদায়িক গোষ্ঠী মুক্তিযুদ্ধ, বাহাত্তরের সংবিধানকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে জুলাই গণঅভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে বিভেদ তৈরি করছে বলে জানান সিপিবির সভাপতি।
সভায় সিপিবির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর দেশে সাম্প্রদায়িক শক্তি আরো শক্তিশালী হয়েছে। দেশে যে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে জনগণের মধ্যে প্রতি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। তিনি দ্রুত নির্বাচনের দাবি জানান।
এসময় সিপিবির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন গণসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সিরাজগঞ্জ : চব্বিশের গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক, ক্ষেতমজুর সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক, সিপিবি জেলা কমিটির নেতা, রায়গঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক কমরেড প্রদীপ ভৌমিককে ২০২৪ সালের ৪ আগস্ট রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের ভিতরে হত্যা করে সাম্প্রদায়িক দুর্বৃত্তরা।
শহীদ কমরেড প্রদীপ হত্যার বিচারের দাবিতে কর্মসূচি পালন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি।
ক্ষেতমজুর সমিতি জেলা কমিটির উদ্যোগে ৪ আগস্ট প্রদীপ ভৌমিক হত্যা দিবসে রায়গঞ্জের নিমগাছীতে শোক ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। ক্ষেতমজুর সমিতি জেলা কমিটির সভাপতি লিয়াকত আলী এতে সভাপতিত্ব করেন। সভার শুরুতেই নিরবতা পালন করা হয়। এসময় বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কার্যকরী সভাপতি আনোয়ার হোসেন রেজা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
আরও বক্তব্য রাখেন, সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ মোস্তফা নুরুল আমীন, সিপিবি রায়গঞ্জ উপজেলা কমিটির সভাপতি দিলীপ সরকার, সোহাগ জয়, সিপিবি নেতা আ. হাকিম, আ. মাজেদ, মশিউর রহমান, সহদেব মাহাতো, রবিউল ইসলাম প্রমুখ।
নেতৃবৃন্দ শহীদ কমরেড প্রদীপ ভৌমিক হত্যার বিচার দাবি করেন।
অনুষ্ঠানে শহীদ কমরেড প্রদীপ ভৌমিকের সন্তান সাংবাদিক সুজন ভৌমিক বাবার স্মৃতি চারণ করতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। কান্না বিজড়িত কন্ঠে তিনি তার পিতা হত্যার বিচার দাবি করেন।
এর আগে নেতৃবৃন্দ নিমগাছী মহাশশ্মানে প্রদীপ ভৌমিকের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শশ্মানের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এছাড়াও, সিপিবি সিরাজগঞ্জ জেলা কমিটি ও জেলা বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে কমরেড প্রদীপ ভৌমিক স্মরণে শহরে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বাম জোটের নেতা ও জেলা বাসদের আহবায়ক নব কুমার, সিপিবি নেতা সুলতান আহমেদ এসময় উপস্থিত ছিলেন।
ঝিনাইদহ : গত ৪ আগস্ট ‘শহীদ প্রদীপ ভৌমিক দিবস’ ঝিনাইদহে পালিত হয়েছে। ক্ষেতমজুর সমিতির দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শহরের ডা. কে আহমেদ সড়কস্থ কার্যালয়ে আলোচনা সভা, শ্রদ্ধা নিবেদন আলোক শিখা প্রজ্জ্বলনে অনুষ্ঠিত হয়। সংগঠনের ঝিনাইদহ জেলা সভাপতি কাজী ফারুকের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সদস্য ও জেলা কমিটির সাধারণ সম্পাদক সুজন বিপ্লবের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিপিবি জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য তোফাজ্জেল হোসেন লস্কর, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক সাহিদুল এনাম পল্লব, বাসদ জেলা আহ্বায়ক অ্যাড. আসাদুল ইসলাম, যুব ইউনিয়নের জেলা সভাপতি আবু তোয়াব অপু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা আহবায়ক শারমিন সুলতানা প্রমুখ।
বগুড়া : সিপিবি বগুড়া জেলা কমিটির উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে ও শুভ শংকর গুহ রায় বাবুনের সঞ্চালনায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ সিপিবি ও ক্ষেতমজুর নেতা প্রদীপ কুমার ভৌমিকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ছাত্র ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
স্মরণ সভার শুরুতেই প্রদীপ ভৌমিকসহ গণঅভ্যুত্থানের সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নিরবতা পালন করা হয়।
আলোচনা করেন সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. আমিনুল ফরিদ, সম্পাদকমণ্ডলীর সদস্য সাজেদুর রহমান ঝিলাম, ক্ষেতমজুর সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য লিয়াকত আলী কাক্কু, যুব ইউনিয়ন জেলা কমিটির সাধারণ সম্পাদক সাইদুর রহমান পারভেজ, ছাত্রনেতা আফ্রিক রহমান প্রান্ত প্রমুখ।
এছাড়াও, শহীদ প্রদীপ ভৌমিকের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সিরাজগঞ্জ, বগুড়া, চট্টগ্রাম, ঝিনাইদহসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলায় বিক্ষোভ কর্মসূচি ও স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।